নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ 

0
নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১ 

নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আল-আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা – বেনাপোল মহাসড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন যশোর জেলার কোতয়ালি থানার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাঁশভিটা এলাকায় একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকের চালকের সহকারী আল-আমিন ট্রাকের চাকা পরীক্ষা করছিলেন। হঠাৎ যশোর থেকে নড়াইলগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পেছনে থাকা আল-আমিন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।