উল্লাপাড়া প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রবিবার রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ শ্লোগান নিয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ – ৪( উল্লাপাড়া ) আসনের জাতীয় সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন। বেলা সাড়ে এগারোটায় র্যালী অনুষ্ঠানের পর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে অলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মো. রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি ) শারমিন আক্তার রিমা, সিনিয়র মৎস্য অফিসার মো. আতাউর রহমান, জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো.শাহজাহান আলী, সাবেক পৌর মেয়র মো. বেলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রমুখ।
উপজেলার তিন ইউনিয়নের সফল তিনজন মৎস্য খামারির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরা হলেন – সলপ ইউনিয়নের খুরশিদা খান মিলা . সলঙ্গার মাসুদ রানা ও কযড়া ইউনিয়নের রবিউল ইসলাম নয়ন ।

