জয়নাল আবেদীন: দীর্ঘদিন থেকে কাজে নিয়োজিত শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা সরিয়ে সরাসরি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড (বিএটিবি)-এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে রংপুরে অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে।
রোববার সকাল হতে দিনব্যাপী বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে রংপুর সিওবাজার সংলগ্ন বিএটিবি অফিস গেটের সামনে অবস্থান ধর্মঘট পালিত হয়। যা স্থায়ীকরণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে অবস্থানকারীরা জানান।
অবস্থান ধর্মঘটে অবস্থানকারী সাজু মিয়া, রাশেদ, রাফসান, দুলাল, রুবেল, সাখোয়াত ও লতিফ সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন হতে বিএটিবি কোম্পানী লিমিটেডে কর্মরত রয়েছেন। কিন্তু তাদের চাকরির কোন নিশ্চয়তা নেই। তাদের চাকরি আজ আছে তো কাল নেই। অন্যান্য রাষ্ট্রে বিএটিবি-তে যারা কর্মরত রয়েছেন তাদের চাকরি স্থায়ী। কিন্তু আমাদের বাংলাদেশ লিমিটেড তারা অন্যায়ভাবে আমাদের রেখে দিয়েছে। আমরা অনেকদিন হতে দাবি আদায়ে বাংলাদেশের ৮টি রিজন হতে আন্দোলন করে যাচ্ছি কিন্তু তারা আমাদের দাবি মানছেন না।
তারা আরো জানান, এ ঘটনায় আমরা বিভাগীয় কমিশনার বরাবর আবেদন করলে তিনি বিএটিবি প্রতিনিধিদের সঙ্গে বসেন কিন্তু কোনো সমাধান হয় নি। উপরোন্ত আমাদের চিঠি দেয়া হয়েছে বেতন বন্ধ করার। হয়তো সামনে আমাদের ছাটাইও করতে পারে তথাপি আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা শান্তি প্রিয় মানুষ শান্তিতে আমরা আমাদের দাবি আদায় করবো। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অবস্থান ধর্মঘটে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেড-এর রংপুর বিজনের ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন।

