নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ এবং স্ত্রীর ওপর চরম ক্ষোভ ও মানসিক বিপর্যস্ততার জেরে সাড়ে চার বছরের শিশুপুত্র আরিয়ানকে কোলে নিয়ে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মাদকাসক্ত বাবা আল আমিন (২৫)। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার এই আকস্মিক দুর্ঘটনায় বাবা ও ছেলে দুজনেই গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। স্বামীর এই নেশার কারণে কিছুদিন আগে স্ত্রী রুমি বেগম তাঁকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় তাঁদের সাড়ে চার বছর বয়সী একমাত্র সন্তান আরিয়ানকে আল আমিনের কাছে রেখে যান তিনি। স্ত্রীকে যেকোনো মূল্যে পুনরায় সংসারে ফিরিয়ে আনতে পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন আল আমিন। সম্প্রতি রুমি সংসারে ফিরে আসার আশ্বাস দিলেও শুক্রবার পর্যন্ত তিনি না ফেরায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই যুবক।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর আরশিনগর এলাকায় পৌঁছায়। এ সময় ক্ষুব্ধ ও মানসিকভাবে বিপর্যস্ত আল আমিন শিশু আরিয়ানকে নিয়ে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেন। ট্রেনের সজোরে ধাক্কায় দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বাবা ও ছেলের দুজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং শিশু আরিয়ানের মাথাতেও গুরুতর জখম রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছেন।

