কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাকপ্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের প্রায় ৩৫০টি দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাজারের রমনী (৪০) নামে এক ব্যক্তির সেলুনের সামনে দিয়ে বাকপ্রতিবন্ধী ওই নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় রমনী ওই নারীর হাত টেনে সেলুনের ভেতরে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি কয়েকজন ব্যবসায়ী দেখে ফেললে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি মীমাংসার জন্য বসেন। সেখানে অভিযুক্ত রমনীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে গ্রাম পুলিশের জিম্মায় দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও এতে সম্মতি না থাকায় স্থানীয় ব্যবসায়ী জুয়েল তাকে জিম্মায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে বানাতী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল হাওলাদারের সঙ্গে জুয়েলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে রুবেল হাওলাদারসহ দুই-তিনজন আহত হন।
এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার সকালে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বাজারে অবস্থান নেন। এ সময় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জুয়েল, জুবায়ের, ইমরান, মনির ও কামালসহ অন্তত আটজন আহত হন।
বানাতী বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হেমায়েত উদ্দিন হিরন বলেন, “পুরো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাজারের দোকানপাট বন্ধ থাকবে।”
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

