তাহিরপুর প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় বজ্রপাতে মো.শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভোরে বাড়ি থেকে নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শিপু। মাটিয়ান হাওরের মাঝপথে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,শিপু মিয়া সারা রাত বাড়িতেই ছিলেন। সকালে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশ্যে রওনা হন তিনি।পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় বজ্রপাতের শিকার হন।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের চাচা এম জি সম্রাট বলেন,একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়া মেনে নেওয়া সত্যিই কঠিন।পরিবারের স্বজনদের এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ।
শিপু মিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

