কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার, সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদটি প্রায় আট মাস যাবত শূন্য থাকায় এবং প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী সংকটে থাকায় স্বাস্থ্য কেন্দ্রটি নিয়মিত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসা সেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই স্বাস্থ্য কেন্দ্রটি। সহশ্রম -ধুলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এখান থেকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সেবা পেয়ে আসছেন। তবে প্রয়োজনের সময়, চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত জনবল না থাকায় অনেক, রোগী চিকিৎসা সেবা না নিয়েই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।এতে বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ বেশি ভোগান্তিতে পড়ছেন। জানা গেছে স্বাস্থ্য কেন্দ্রটির উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলামকেই ডেপুটেশনে, কিশোরগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব দেওয়ায় পর থেকেই, গুরুত্বপূর্ণ এই পদটি আজ ৮ মাস যাবত শূন্য রয়েছে। যার ফলেএই স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।
স্থানীয় বাসিন্দা মোতাহার উদ্দিন মামুন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ সেবা পেয়ে আসছি। এখানে সাধারণ মানুষ যাতে নিয়মিত ওষুধ সেবা পায়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জরুরী মুহূর্তে চিকিৎসা সেবা নেওয়ার জন্য যদি রোগীরা স্বাস্থ্য কেন্দ্রে এসে, রোগীরা তালা বদ্ধ দরজা দেখতে পান, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্যোগ জনক।
তিনি দ্রুত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এর মাধ্যমে,স্বাস্থ্য কেন্দ্রটিতে নিয়মিত ও কার্যকর ভাবে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানান।
এ ব্যাপারে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মোহাম্মদ শাহরিয়ার বলেন, সহশ্রাম- ধুলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূন্য থাকার বিষয়টি আমাদের জানা আছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডেপুটেশনে কিশোরগঞ্জ সদর হাসপাতালে দায়িত্ব দেওয়ায় পদটি শূন্য রয়েছে। জনবল সঙ্কটের কারণে চিকিৎসা সেবা কিছুটা ব্যহত হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করতে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা যাতে নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন সে বিষয়েও নজরদারি করা হবে।
প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের স্থানীয় ভুক্তভোগীরা স্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা স্বাভাবিক করতে এবং দীর্ঘদিনের জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

