শ্রীপুর পৌরসভার এক্সাভেটর চাপায় বৃদ্ধের মৃত্যু

0
শ্রীপুর পৌরসভার এক্সাভেটর চাপায় বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার ময়লা অপসারণের প্রস্তুতিকালে এক্সাভেটর চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে ভর্তির পর অপারেশনের আড়াই ঘন্টা পর তার মৃত্যু হয়। শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীপুর পৌর গরুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত সবুর আলী মুন্সি(৭০) শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের মৃত খোদানছ আলীর ছেলে। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।

নিহতের কন্যা সুরাইয়া আক্তার বলেন, বাবা বাজারে মানুষের কাছে থেকে চেয়ে টাকা তুলে। ভিক্ষাবৃত্তি করে চলে আমাদের সংসার। সকালে শ্রীপুর বাজারে ভিক্ষা করতে বের হয়। সকালে বাবা একবার ফোন করে বলছিলেন দুপুরে এসে বাড়িতে খাবে। কিন্তু দুপুরে বাবার খাওয়া আর হলো না। বাজারের রাস্তায় বাবা দাঁড়িয়ে ভিক্ষা করেছিলেন। এসময় হঠাৎ করে একটি এক্সাকাভেটর বাবাকে চাপা দেয়। এসময় বাবার কোমড়ের নিচে সব ভেঙে যায়। দ্রুত বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া বলেন, ময়লা বর্জ্য অপসারণের সময় এক্সাকাভেটর চাপায় সে আহত হয়েছে। পায়ে আঘাত পায়। চিকিৎসক সাধ্যমতো চেষ্টা করে অবশেষে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। সরকারের পক্ষে মেয়ের পড়াশোনাসহ যাবতীয় ব্যবস্থা করা হবে।