মাসুদ রানা রাব্বানী: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৪ ও ২০২৫-এর সম্মানী, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। এতে ৬৯ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেওয়া হয়।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্স ড্রিলশেডে আরএমপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম। অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, সহকর্মীদের সন্তানদের মেধার স্বীকৃতি ও তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতেই বাংলাদেশ পুলিশ এ মেধাবৃত্তি চালু করেছে। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার মাধ্যমে তারা এ সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ হওয়া জীবনের একটি ধাপ মাত্র। এখান থেকেই শিক্ষার্থীদের সামনে নতুন অধ্যায়ের সূচনা হয়। বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। ফলাফল আশানুরূপ না হলেও হতাশ না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার আরও বলেন, ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক ও নৈতিক মানুষ হতে হবে। মা-বাবার ত্যাগের মূল্য দিতে হবে। একই সঙ্গে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী কানিজ ফাতিমা মিম ও এক পুলিশ সদস্য অভিভাবক তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার এ উদ্যোগের জন্য বাংলাদেশ পুলিশ ও আরএমপির প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

