রাণীনগর প্রতিবেদক: নওগাঁর রাণীনগরে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বিজয়কান্দি বড়বড়িয়া রেল পারাপার এলাকায় একটি পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে রাণীনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু পুলিশ বক্সটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মনিরুল ইসলাম, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ওই এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরি প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্সটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুর নিজস্ব অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পুলিশ বক্সটি চালুর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়বে। এতে সড়কে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও জোরদার হবে।

