বিএসএফের ককটেল ও শর্ট গানের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রমেক হাসপাতালে ভর্তি

0

জয়নাল আবেদীন: বিএসএফের ককটেল ও শর্ট গানের গোলা বারুদের আঘাতে গুরুতর আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন ও আব্দুল মজিদ মন্ডলের ছেলে খাজা আব্দুল আলীম। পুলিশী পাহারায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

তিনি ভারতীয় নাগরিকদের বরাত দিয়ে জানান, রবিবার বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়নপুর স্থলবন্দর দিয়ে গরু পারাপার করছিল ভারতীয় নাগরিক ইসমাইল হোসেন ও খাজা আব্দুল আলীম।এ সময় ভারতীয় বিএসএফ তাদের উপর ককটেল ও শর্টগানের গুলি ছোঁড়ে। এতে গুরুতর আহত হয় তারা। বিএসএফ বাহিনী তাদেরকে বাংলাদেশী বলে আহত করে অজ্ঞাত এক চর এলাকায় ফেলে রেখে যায়। যাত্রাপুর-আইলমারীর স্থানীয়রা ইসমাইল ও আলীমকে উদ্ধার করে সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা হাসপাতালের ১৫নং ওয়ার্ডের সাজারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করা হয়েছে।