কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে একে একে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
অসুস্থ শিক্ষার্থীরা হল অষ্টম শ্রেণির ছাত্রী তাইফা, দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান, সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া, দশম শ্রেণির ছাত্রী মিম, সপ্তম শ্রেণির ছাত্রী লাবিয়া, দশম শ্রেণির ছাত্রী নুসরাত, দশম শ্রেণির ছাত্রী সানজিদা এবং অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব উল্লাহ লিটন জানান, প্রথমে দশম শ্রেণির ছাত্রী জাকিয়া সুলতানা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে সেবা দিতে এগিয়ে আসা কয়েকজন শিক্ষার্থীও একে একে অসুস্থ হয়ে পড়ে। পরে মোট ১০ শিক্ষার্থীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গত সপ্তাহে একইভাবে উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের এরকম শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে।
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকসক ডা. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শংকা মুক্ত।

