রংপুরে বিশ্ব ডিম দিবস উদযাপিত

0
রংপুরে বিশ্ব ডিম দিবস উদযাপিত

জয়নাল আবেদীন: “ডিমে পুষ্টি, ডিমে শক্তি-ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব ডিম দিবস । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর জেলা প্রাণীসম্পদ দফতর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় দফতরে ফিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহা. নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিআইপি শাহাদাৎ গ্রুপের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন ,শাকিল পোল্ট্রি ফার্মের সত্বাধিকারি মাহবুব আলমসহ প্রাণিসম্পদ দপ্তরে জেলা ও উপজেলা পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে প্রয়োজনীয় আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে ডিমের ভূমিকা অপরিসীম। শিশু থেকে শুরু করে যেকোনো বয়সের মানুষের শারীরিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত একটি বা দুটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। খামারিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারে ডিমের সঠিক মূল্য নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডিমের স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।