দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই- রংপুর জেলা প্রশাসক

0
দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই-রংপুর জেলা প্রশাসক।

জয়নাল আবেদীন: রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিত ব্যক্তির কর্মের অভাব হয় না।

শিল্প-কলকারখানায় ওয়েল্ডিং একটি অপরিহার্য কাজ। এই কাজ সুচারুভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান থাকা আবশ্যক। বর্তমান সরকার বেকারত্বের অভিশাপ পিছনে ফেলে দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। রোববার সকালে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলনকক্ষে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন জেলা কার্যালয়ের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন।

এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের জন্য সরকারের ব্যয়িত অর্থ যাতে বিফলে না যায় সেজন্য অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি কর্মক্ষম জনশক্তি তৈরিতে বেশি বেশি এই ধরনের প্রশিক্ষণ আয়োজনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: এহছানুল হক দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক চারু চন্দ্র বর্মণ, রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো: সফিউল আলম।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।