ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নতুন রূপরেখার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি স্পষ্ট করেছেন যে, এক নাজুক বা ভঙ্গুর অর্থনীতির মধ্যে দায়িত্ব গ্রহণ করলেও বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট লাঘব ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শুক্রবার (৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরির জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, “আমরা এক চরম ভঙ্গুর অর্থনীতির মধ্যে দেশের দায়িত্ব গ্রহণ করেছি। তবে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরা জনগণের কষ্ট কমানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে সরকারের সহায়তা পৌঁছাতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে, যা মানুষের নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।”
মন্ত্রী আরও যোগ করেন, কেবল প্রত্যক্ষ সাহায্য বা ভাতা প্রদান নয়, সরকারের মূল লক্ষ্য হলো দেশে একটি উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা। তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারলে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হবে, যার মাধ্যমে মানুষ নিজেদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে সম্মানজনক উপার্জনের সুযোগ পাবে।
কৈশোর ও যৌবনের শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার চর্চা করানো জরুরি। সঠিক শিক্ষায় বেড়ে উঠলে তরুণরা সমাজের নানা বৈষম্য, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে নিজেদের প্রস্তুত করতে পারবে।
বর্তমানে দেশের তরুণদের এক বড় অংশ মাদক, অতিরিক্ত অনলাইন গেমিং ও ক্যাসিনোর মতো মারাত্মক আসক্তিতে পথ হারাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের আত্মঘাতী প্রবণতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনা এখন জাতীয় দায়িত্ব। তিনি জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পূর্ব সতর্কবার্তা প্রচার ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্কাউটদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সর্বদা প্রস্তুত রাখা হবে।
দিনাজপুর অঞ্চলের এই কাব ক্যাম্পুরিতে জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাগণ অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানীয় ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা ফয়সল আমীন, সংসদ সদস্য, ঠাকুরগাঁও-১, ডা. মো. আব্দুস সালাম, সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২, মো. জাহিদুর রহমান, সংসদ সদস্য, ঠাকুরগাঁও-৩, মো. আবু আউয়াল, রাষ্ট্রপতির একান্ত সচিব (যুগ্ম সচিব), অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাক, সচিব, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মো. বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্পুরি সাংগঠনিক কমিটির সভাপতি ও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা স্কাউট সদস্যরা শৃঙ্খলা ও সেবামূলক বিভিন্ন কসরত প্রদর্শন করেন।

