গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ল চোর; ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযানে জীবিত উদ্ধার

0
গাজীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে আটকা পড়ল চোর; ফায়ার সার্ভিসের শ্বাসরুদ্ধকর অভিযানে জীবিত উদ্ধার

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের খুঁটির ওপর আটকা পড়ে এক চোর। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযানে তাঁকে জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনেন। এ সময় খুঁটির নিচে পাহারারত অবস্থায় থাকা তাঁর এক সহযোগীকেও হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ছাতির বাজারসংলগ্ন একটি ইটভাটার পেছনে নির্জন স্থানে পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে ওঠেন ওই চোর। তিনি খুঁটিতে স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিচে নামানোর চেষ্টা করছিলেন। এ সময় নিচে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন তাঁর এক সহযোগী।

বিষয়টি হঠাৎ এক স্থানীয় বাসিন্দার নজরে এলে তিনি ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং খুঁটির নিচে থাকা সহযোগীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন।

নিচে উত্তেজিত জনতার উপস্থিতি এবং সহযোগীর ধরা পড়ার দৃশ্য দেখে খুঁটির ওপর থাকা চোর আতঙ্কিত হয়ে পড়েন। একদিকে নিচে নামলে গণপিটুনির ভয়, অন্যদিকে মাথার ওপর উচ্চভোল্টেজের সঞ্চালন লাইনের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার শঙ্কা—এই উভয় সংকটে পড়ে তিনি খুঁটির মাঝামাঝি স্থানে জড়োসড়ো হয়ে আটকে থাকেন।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ও ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর মই ও বিশেষ সরঞ্জামের সাহায্যে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আটকে পড়া ব্যক্তিকে নিরাপদে ও জীবিত অবস্থায় নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুতের খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমার চুরির কোনো চক্রের সাথে এরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’