গোপালগঞ্জ প্রতিনিধিঃ সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে গোপালগঞ্জ সফরে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি গোপালগঞ্জে পৌঁছান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আইজিপির এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সফরকালে শীর্ষ এই কর্মকর্তারা জেলার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করবেন। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিতব্য একটি বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে তাঁদের।
স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দিনভর ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর অভিযোগ ওঠে। ওই দিন পুলিশের গাড়িতে হামলার পাশাপাশি টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এর আগে পাটগাতী বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই ধারাবাহিকতায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়ি এবং চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন দেওয়া হয়। পাশাপাশি পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারেও ভাঙচুর চালানো হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, টুঙ্গিপাড়ায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় প্রথমে ভাঙচুর ও পরে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর থেকে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

