আইসিজের রায়ের পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি: প্রত্যাবাসনের আগে নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিতের তাগিদ

0
আইসিজের রায়ের পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি: প্রত্যাবাসনের আগে নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিতের তাগিদ

কায়সার হামিদ মানিকঃ ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো নৃশংস হত্যাযজ্ঞ ও নির্যাতনের ঘটনায় রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জোর দাবি জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, নিজ দেশে ফিরে যাওয়ার আগেই রোহিঙ্গাদের নিরাপত্তা, পূর্ণ নাগরিকত্ব, অবাধ চলাচলের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করা অপরিহার্য।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার পরদিনই রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় ও তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করতে ক্যাম্পে ছুটে যান তিনি। সকাল ৯টার দিকে সমাবেশস্থলে পৌঁছে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে বক্তব্য দেন খলিলুর রহমান।

রোহিঙ্গাদের উদ্দেশে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, “দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রোহিঙ্গাদের পক্ষে কথা বলেছে। ২০১৭ সালে তাদের ওপর যা ঘটেছে, তা যে ‘গণহত্যা’— আইসিজের এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও ভোগান্তির বিচার পাওয়ার পথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।”

নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারানো মানুষদের স্মরণ করে তিনি বলেন, “যারা এই ঐতিহাসিক দিনটি দেখে যেতে পারেননি, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করতে হবে। রোহিঙ্গাদের ওপর চালানো নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং নারী ও শিশুদের ওপর বর্বর নির্যাতনের ঘটনা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। এসব মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু তদন্তের আওতায় এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।”

রোহিঙ্গাদের ঐতিহাসিক পরিচয়ের কথা তুলে ধরে খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের একটি স্বতন্ত্র জনগোষ্ঠী এবং দেশটির ভূখণ্ডের সঙ্গে তাদের বহু প্রজন্মের সম্পর্ক রয়েছে। তাদের পরিচয় ও অধিকার অস্বীকার করে এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান সম্ভব নয়।

প্রত্যাবাসনের সুনির্দিষ্ট শর্ত উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ ও টেকসই পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে। ভবিষ্যতে এ ধরনের নৃশংসতার পুনরাবৃত্তি রোধে মিয়ানমারের প্রচলিত আইন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার, দেশটির নিরাপত্তা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে আইনি লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখায় গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং মামলায় হস্তক্ষেপকারী ১১টি রাষ্ট্রের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন খলিলুর রহমান। পাশাপাশি আইসিজের বিচারক, জাতিসংঘের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এবং মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করেন তিনি।

উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের ত্যাগের কথা বিশেষভাবে স্মরণ করে তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী যে বিরল মানবিকতার পরিচয় দিয়েছে, তা বিশ্ব ইতিহাসে গুরুত্বপূর্ণ। তবে এই বিশাল সংকটের পুরো দায়ভার একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মানবিক ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

১৯ নভেম্বর ২০২৬ তারিখটি যেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথচলার সূচনা হিসেবে স্মরণীয় হয়ে থাকে— এমন প্রত্যাশা ব্যক্ত করে খলিলুর রহমান বলেন, আইসিজের রায়কে কেবল ন্যায়বিচারের স্বীকৃতিতে সীমাবদ্ধ না রেখে দীর্ঘদিনের সংকট সমাধানে কার্যকর পদক্ষেপে রূপ দিতে হবে।

এদিকে আইসিজের রায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সরাসরি উপস্থিতিকে কেন্দ্র করে ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের মাঝে নতুন আশা ও প্রাণের সঞ্চার হয়েছে। সমাবেশে উপস্থিত রোহিঙ্গারা দীর্ঘদিনের নির্যাতনের দৃষ্টান্তমূলক বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে নিজ জন্মভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।