
পাবনা প্রতিনিধিঃ পাবনার বেড়া উপজেলায় বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে থেমে থেমে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়ায় তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এর কিছুক্ষণ পরই পৌর এলাকার বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ওই ঘটনার পর থেকেই বেড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়।
বৃহস্পতিবার রাতের ঘটনার জের ধরে গত দুই দিন ধরে বেড়া পৌর এলাকার পায়না, বৃশালিখা, সওদাগর পাড়া ও হাতিগাড়াসহ কয়েকটি মহল্লায় উভয় পক্ষের মধ্যে বিক্ষোভ মিছিল, পাল্টাপাল্টি ধাওয়া ও চরম উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয় পরিস্থিতির অবনতি ঠেকাতে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে একটি জরুরি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকালের আইনশৃঙ্খলা সভার পরও দুপুর গড়াতেই বেড়ার বিভিন্ন এলাকায় উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। শনিবার বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলতে থাকে। এ সময় সংঘর্ষের দৃশ্য ও ভিডিওচিত্র ধারণ করতে গেলে পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় স্থানীয় এক সংবাদকর্মী লাঞ্ছিত হন।
সার্বিক পরিস্থিতি নিয়ে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ গণমাধ্যমকে বলেন, “এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিপরীতে আমরা ঘটনাস্থলে রয়েছি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ বা কোনো আটকের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি; তবে উত্তেজনাপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
