নোয়াখালী প্রতিনিধিঃ বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর স্পেশাল ফোর্সের ঐতিহাসিক যৌথ সামরিক মহড়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতীকী যুদ্ধক্ষেত্রে এই শ্বাসরুদ্ধকর ও নিখুঁত রণকৌশল সরেজমিনে পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।
মহড়া শেষে উপস্থিত সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সরকারপ্রধান এই দিনটিকে বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ এক নতুন অধ্যায় রচিত হলো। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে সমন্বিত অনুশীলন সম্পন্ন করেছে।”
আন্তঃবাহিনী সমন্বয় ও আধুনিক যুদ্ধকৌশল রপ্ত করার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারেরই প্রতিফলন।” সশস্ত্র বাহিনীকে দেশের গর্ব উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে যেকোনো জাতীয় সংকট ও দুর্যোগে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা অবিচল থাকবেন।
এবারের যৌথ মহড়ার মূল প্রেক্ষাপট ছিল—খনিজসম্পদে ভরপুর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্বর্ণদ্বীপকে শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমানা পুনরুদ্ধারে স্থল, নৌ ও আকাশপথে একযোগে ‘ত্রিমাত্রিক আক্রমণ’ (থ্রি-ডাইমেনশনাল অ্যাসল্ট) চালিয়ে শত্রুর দুর্গ গুঁড়িয়ে দেওয়ার নিখুঁত অনুশীলন করেন তিন বাহিনীর বিশেষায়িত কমান্ডোরা।
মহড়ার শুরুতে বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের তত্ত্বাবধানে আকাশ থেকে প্যারা-কমান্ডোদের প্যারাসুটে অবতরণ (এয়ারবর্ন অ্যাসল্ট) এবং শত্রুর ঘাঁটি লক্ষ্য করে কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে বিমানবাহিনীর ক্ষিপ্রতা ও সক্ষমতা তুলে ধরা হয়।
একই সময়ে বঙ্গোপসাগরের উত্তাল জলরাশি ভেদ করে নৌবাহিনীর বিশেষায়িত কমান্ডো ইউনিট ‘সোয়াডস’ (SWADS)-এর সদস্যরা গোপন ও দুঃসাহসিক উভচর অভিযানের (অ্যাম্ফিবিয়াস অপারেশন) মাধ্যমে উপকূলীয় প্রতিরক্ষা ব্যূহ ভেঙে ফেলেন।
আকাশ ও নৌপথের সহায়তায় সেনাবাহিনীর চৌকস প্যারা কমান্ডো ব্রিগেডের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন এবং তীব্র আক্রমণের মুখে শত্রুর মূল দুর্গ দখলমুক্ত করার নৈপুণ্য প্রদর্শন করেন।
এর আগে প্রথমবারের মতো প্রতীকী এই যুদ্ধক্ষেত্র পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। সশরীরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত সরকারপ্রধানের সামনে নিজেদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতা প্রদর্শন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।
মহড়া চলাকালে সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে নিজেই সামরিক ট্যাকটিক্যাল যান চালিয়ে পুরো রণক্ষেত্র ও অগ্রবর্তী অবস্থানগুলো পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের এই ব্যতিক্রমী উপস্থিতি মাঠপর্যায়ে অংশগ্রহণকারী সৈনিকদের মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানসহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য তার সঙ্গে ছিলেন।
নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণে মেঘনা মোহনা ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই দ্বীপটি (পূর্বনাম জাহাইজ্জার চর) ভৌগোলিক অবস্থানের কারণে দেশের উপকূলীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গম ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে দ্বীপটিকে আধুনিক যুদ্ধকৌশল অনুশীলনের উপযোগী করে গড়ে তুলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি এখানে বনায়ন, অবকাঠামো ও উপকূলীয় উন্নয়ন কার্যক্রমও পরিচালনা করে আসছে সেনাবাহিনী।

