কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আশঙ্কাজনক অবস্থায় শিশু

0
কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আশঙ্কাজনক অবস্থায় শিশু

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার অদূরে ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার অভিমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটির সঙ্গে চকরিয়ামুখী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চাপা পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরও এক যাত্রীর মৃত্যু হয়।

আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত চারজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকার মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম (২৬) এবং চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার বাসিন্দা সাহাব উদ্দিন (৪৩)। নিহত অপর দুই যাত্রীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কের উভয় পাশে আটকে পড়া যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”

প্রসঙ্গত, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি অত্যন্ত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বেপরোয়া গতি ও মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন চলাচলের কারণে প্রায়ই এখানে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।