কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ২০২৫ -২০২৬ মৌসুমে প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকারিভাবে, আমন ধান ক্রয়ের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। এ লটারির মাধ্যমে ২৪৭ জন কৃষক, তাদের আমন ধান সরকারের নিকট বিক্রয়ের জন্য নির্বাচিত হয়েছেন।
২৪ শে নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, এ লটারি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি প্রক্রিয়ার উদ্বোধন করেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, শামীমা আফরোজ মারলিজ। তিনি বলেন সরকার কৃষকদের, তাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রকৃত কৃষকরাই যাতে ধান বিক্রির সুযোগ পান, আজ লটারি মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। এখানে কোন প্রকার অনিয়ম বা স্বজন প্রীতির সুযোগ নেই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কনক কান্তি দেবনাথ, ওসি( এল এস ডি) সানোয়ার হোসেন সহ উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ জানান, আজকের লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য গুদামে সরাসরি আমন ধান সরবরাহ করতে পারবেন।যার ফলে, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম, কমে যাবে এবং তাতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। এ সময় উপস্থিত কৃষক প্রতিনিধিরা এ ধরনের স্বচ্ছ প্রক্রিয়াকে সাধুবাদ জানান।এবছর কটিয়াদী উপজেলার মোট ২৪৭ জন কৃষকের নিকট থেকে সর্ব মোট ৭৪১ টন, আমন ধান সংগ্রহ করা হবে,যা কিশোরগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ। এখানে নির্বাচিত একজন কৃষক সরকারিভাবে নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৫টাকা হারে, সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩টনপর্যন্ত ধান বিক্রয় করতে পারবেন।

