
জয়নাল আবেদীনঃ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও মেলার উদ্বোধন করা হয়েছে। রংপুর জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর খামার মোড়ে অবস্থিত সদর প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
দিনের শুরুতে সদর প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বা র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন এবং রংপুর জেলা ও বিভাগীয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রংপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হুদা।
আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষের পুষ্টি সচেতনতার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, ‘আমাদের সবারই দুধ পানের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। নিয়মিত দুধ খেলে শারীরিক ও মানসিক সব দিক থেকেই প্রশান্তি মেলে। বাজারে একটু দাম বাড়লেই মানুষ দুধ কেনা থেকে মুখ ফিরিয়ে নেয়, যা মোটেও উচিত নয়। কারণ, বর্তমানে পশুখাদ্যসহ সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী; তাই সব দিক বিবেচনায় নিয়েই খামারি ও ভোক্তাদের চলতে হবে।’
প্রান্তিক ও বাণিজ্যিক খামারিদের উৎসাহিত করে অতিথিরা আরও বলেন, ‘যেকোনো ব্যবসায় লাভ-লোকসান থাকবেই। তাই কোনো কারণে একবার লোকসান হলে মন খারাপ করে বা হতাশ হয়ে খামার বন্ধ করা যাবে না। বরং ধৈর্য ধরে সামনে আরও বৃহৎ পরিসরে ব্যবসা দাঁড় করাতে হবে। সঠিক পরিকল্পনা ও নিরলস চেষ্টা করলে সব কিছুতেই সফলতা ও লাভের মুখ দেখা সম্ভব।’
উল্লেখ্য, এবারের সপ্তাহব্যাপী এই প্রাণিসম্পদ মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণী, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার ব্যবস্থাপনার নানা উপকরণ প্রদর্শন করা হচ্ছে।
