আনিছ আহমেদ: শেরপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে অস্থায়ী চেকপোস্ট স্থাপনের পাশাপাশি তল্লাশি, ড্রোনের মাধ্যমে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
এর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারআলী বাজারের তিন রাস্তার মোড়, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাপলা বাজার এবং ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় ও চলাচলের উদ্দেশ্য যাচাইয়ের পাশাপাশি তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি জানান, দায়িত্বপূর্ণ ৭৭ দশমিক ৭০০ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু, সরকারি-বেসরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও যোগাযোগপথে নজরদারি বাড়ানো হয়েছে।
ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি দিবা-রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল ও অস্বাভাবিক কর্মকাণ্ড সম্পর্কে আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশেষ সোর্স নিয়োগ করে অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ছাড়া সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এসআরবি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড, সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণকে বিজিবির সঙ্গে সহযোগিতা বজায় রাখার এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত জানানোর আহ্বান জানান তিনি।

