সোনা চোরাচালান বিরোধে মহেশপুরে ফের গুলিবর্ষণ, আহত মতি

0
সোনা চোরাচালান বিরোধে মহেশপুরে ফের গুলিবর্ষণ, আহত মতি

সাইফুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় সোনা চোরাচালান ও অর্থ ভাগাভাগি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ফের সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন মতিয়ার রহমান মতি (৫০)।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহেশপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া ইউনিয়নের ভাষানপোতা এলাকায় পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় সড়কে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সীমান্তকেন্দ্রিক সোনা চোরাচালান ও হুন্ডির অর্থ বণ্টন নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের ধারাবাহিকতাতেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের ২৫ মার্চ মতিয়ার রহমান মতির ওপর অনুরূপ হামলার ঘটনা ঘটেছিল, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ইব্রাহিম হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ইব্রাহিম হোসেন মৃত আব্দুল মান্নান ওরফে টেনার ছেলে। তাকে নিজ বাসা থেকেই আটক করা হয়। স্থানীয়দের মতে, এ দ্রুত গ্রেপ্তার পুলিশের তড়িৎ তৎপরতা ও পেশাদারিত্বেরই প্রতিফলন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা ও চোরাচালান সংক্রান্ত বিরোধের জেরেই সংঘটিত হত্যাচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বজায় থাকবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।