যশোরে কলেজ প্রভাষকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌতুক মামলা, এলাকায় চাঞ্চল্য

0
যশোরে কলেজ প্রভাষকের বিরুদ্ধে ধর্ষণ ও যৌতুক মামলা, এলাকায় চাঞ্চল্য

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে এক কলেজ প্রভাষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পরবর্তীতে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক মো: রফিকুল ইসলাম কেশবপুরের আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের গণিত বিভাগের প্রভাষক। ভুক্তভোগী নারী মাহমুদা সুলতানা রেশমা বাদী হয়ে খুলনা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত তিন বছর ধরে খুলনা ও বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা একসঙ্গে বসবাস করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে অভিযোগ উঠেছে, বিয়ের পর থেকেই রেশমার ওপর শুরু হয় চরম শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি পূরণে অস্বীকৃতি জানালে নির্যাতনের মাত্রা বৃদ্ধি পায় এবং বিয়ের মাত্র দশ দিনের মাথায় গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে তাকে ডিভোর্স দেওয়া হয়।

ভুক্তভোগী রেশমা জানিয়েছেন, এটি তাদের উভয়েরই দ্বিতীয় বিয়ে ছিল এবং তার একটি ১০ বছর বয়সী সন্তান রয়েছে, যা রফিকুল ইসলাম আগে থেকেই জানতেন। তিনি আরও দাবি করেন, সম্পর্ক চলাকালীন বিভিন্ন সময়ে রফিকুল ইসলাম তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা নিয়েছেন। এদিকে অভিযুক্ত প্রভাষক মো: রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই সম্পর্ক ও দাবিগুলোকে ভিত্তিহীন বলে দাবি করলেও আদালতের মামলার বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।