রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করায় ১০০ টাকা জরিমানা

0
রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করায় ১০০ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পৌরসভা এলাকায় রাস্তায় খোলা স্থানে দাঁড়িয়ে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলাউদ্দীন (৪০)।

স্থানীয় সূত্র জানায়, জনসম্মুখে অশালীন আচরণ ও পরিবেশ নোংরা করার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়। প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সুশীল সমাজ, ধর্মপ্রাণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্থানে “এখানে প্রস্রাব করা নিষেধ” লেখা থাকলেও তা মানা হচ্ছিল না। ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপ জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।ইসলামি দৃষ্টিকোণ থেকে সাধারণভাবে বসে প্রস্রাব করাকে উত্তম বলা হয়েছে। কারণ এতে পবিত্রতা রক্ষা সহজ হয় এবং এটি রাসূল (সা.)-এর সুন্নাহর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিনা ওজরে দাঁড়িয়ে প্রস্রাব করাকে মাকরুহ হিসেবে বিবেচনা করা হলেও তা গুনাহের পর্যায়ে পড়ে না—এমনটাই মত দিয়েছেন আলেম সমাজ।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বসে প্রস্রাব করলে মূত্রথলি সম্পূর্ণ খালি হতে সহায়ক হয়, যা সংক্রমণ ও কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। অপরদিকে দাঁড়িয়ে প্রস্রাব করলে মূত্রথলি পুরোপুরি খালি না হওয়ার আশঙ্কা থাকে, যা দীর্ঘমেয়াদে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, জনশৃঙ্খলা রক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নাগরিক শালীনতা বজায় রাখতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।