ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে গভীর রাতে ঘরে ঢুকে সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পৈশাচিক অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার একটি গ্রামে এই শিউরে ওঠার মতো ঘটনা ঘটে। লম্পটরা কেবল সম্ভ্রম হরণ করেই ক্ষান্ত হয়নি, জমি কেনার জন্য ঘরে রাখা নগদ চার লাখ টাকা ও স্বর্ণালঙ্কারও লুটে নিয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী জীবিকার প্রয়োজনে চট্টগ্রামে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে চার লাখ টাকা তুলে বাড়িতে আনেন। পরদিন সকালে জমির মালিককে সেই টাকা দেওয়ার কথা ছিল।
রাত গভীর হলে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। অসাবধানতাবশত ঘরের চিলেকোঠার দরজা খোলা থাকায় সেই সুযোগ নেয় অভিযুক্তরা। রাত আনুমানিক ২টার দিকে নুর করিম, হানিফ ও নাজমুল নামের তিন যুবক ঘরে প্রবেশ করে। তারা প্রথমে গৃহবধূর মুখ ও হাত বেঁধে ফেলে আলমারি ভেঙে নগদ ৪ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে।
লুটপাটের একপর্যায়ে পাষণ্ডরা ওই নারীর তিন শিশুসন্তানকে ধারালো অস্ত্রের মুখে পাশের একটি কক্ষে আটকে রাখে। এরপর তিন অভিযুক্ত পর্যায়ক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে পড়া ওই নারী লোকলজ্জা ও প্রাণের ভয়ে দুই দিন কাটিয়ে দেওয়ার পর গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশন থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এটি কেবল চুরি বা ছিনতাই নয়, একটি জঘন্য অপরাধ। অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

