মঙ্গলবারে নতুন অধ্যায়: শপথ নেবেন বিজয়ী এমপি ও মন্ত্রিসভা

0
মঙ্গলবারে নতুন অধ্যায়: শপথ নেবেন বিজয়ী এমপি ও মন্ত্রিসভা

বাংলাদেশ প্রতিবেদকঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবারের এই মহাউৎসবকে ঘিরে রাজধানীজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দুই ধাপে:

সংসদ সদস্যদের শপথ: মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মন্ত্রিসভার শপথ: একই দিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবারের নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে একক জয় লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে সংসদে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ১১ দলীয় জোটের শরিক হিসেবে জাতীয় নাগরিক পার্টি (NCP) ৬টি আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শপথে মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হতে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ২১ বছর পর বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।