শাহজাদপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে বহুল আলোচিত সোহেল রানা (২৫) হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানা গেছে, গত ২০ মার্চ রাতে ঈদের বকশিস দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেলকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন একই ইউনিয়নের চিনাধুকুরিয়া গ্রামের ধানক্ষেত থেকে সোহেলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোহেলের মা রুবি খাতুন বাদী হয়ে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কে প্রধান আসামি করে চার পাঁচ জন অজ্ঞাতনামাকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন । এরপর থেকে বিএনপি নেতা সাইফুল পলাতক ছিলেন। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) রাতে রংপুর শহর থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়।
শনিবার (৪ এপ্রিল ) দুপুরে করার নিরাপত্তায় সাইফুলকে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এদিন বিকেলে আদালতের বিচারক মো. মোসলেম উদ্দীনের খাস কামরায় সাইফুল ইসলাম ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। এরপর তাকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
জানা গেছে, সাইফুল উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সড়াতৈল গ্রামের আদম ব্যাপারীর ছেলে। হত্যাকাণ্ডের পর তার বিরুদ্ধে থানায় মামলা হওয়ার পর গত ২৫ মার্চ তাকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে নিহত সোহেল রানা (২৫) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
এ ঘটনায় গত ২৮ মার্চ রবিউল ইসলাম রবি নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনিও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

