রাজশাহী নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

0
রাজশাহী নগরীতে সার্টিফিকেট জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে অনলাইনে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরি ও সরবরাহকারী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫|

এ সময় জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে| গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া মডেল থানার এলাকার বাসিন্দা অভিজিৎ মন্ডল (২৭) ও রায়হান আউয়াল (২১)| বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক| তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার কুমারপাড়া (ঘোষপাড়া), আলুপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে অভিজিৎ মন্ডল ও রায়হান আউয়ালকে গ্রেফতার করা হয়|

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে হবিগঞ্জ জেলার বনিয়াচং থানার যাত্রবাসা এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বাছিত রিয়ানের সঙ্গে মিলে দেশের বিভিন্ন স্থান থেকে অনলাইনের মাধ্যমে নকল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির অর্ডার সংগ্রহ করত| পরে তারা অভিনব কৌশলে এসব জাল কাগজপত্র তৈরি করে গ্রাহকদের কাছে সরবরাহ করত| জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের প্রতারণামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে|

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে বোয়ালিয়া থানা পুলিশ|