নারায়ণগঞ্জে পুলিশের ওপর সশস্ত্র হামলা: অস্ত্র ছিনতাই, ৩ জন আটক

0
নারায়ণগঞ্জে পুলিশের ওপর সশস্ত্র হামলা: কনস্টেবলকে কুপিয়ে অস্ত্র ছিনতাই, ৩ জন আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ তদন্ত করতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়েছে পুলিশের একটি টহল দল। হামলায় এক এএসআইসহ দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এসময় দুর্বৃত্তরা পুলিশের একটি সরকারি শর্টগান ছিনিয়ে নিয়ে যায়। তবে ঘটনার চার ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্রটি উদ্ধারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে ‘লিমা-৪’ টহল ডিউটিতে ছিলেন। এসময় সিফাত ওরফে টুটুল, শাহারিয়ার তানভীর ও আবু সুফিয়ান নামে তিন ব্যক্তি পুলিশের কাছে তাদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ ওই ব্যক্তিদের সঙ্গে নিয়ে বন্দর উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার হাবিব নগর রোডে জনৈক গুলু মিয়ার বাড়িতে তদন্তে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্র সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১৪-১৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কোপাতে থাকে।

কনস্টেবল ফয়সাল হোসেন হামলায় সবথেকে বেশি আঘাতপ্রাপ্ত হন তিনি। তার পেটে গুরুতর জখম হয় এবং কোপের আঘাতে ডান হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এএসআই সোহেল রানা তার হাঁটুর নিচে কুপিয়ে জখম করা হয়।

হামলার এক পর্যায়ে সন্ত্রাসীরা কনস্টেবল ফয়সালের কাছে থাকা সরকারি শর্টগানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে বন্দর থানা ও ফাঁড়ির অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত কনস্টেবল ফয়সাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তীতে শুক্রবার (১ মে) ভোর সোয়া ৬টার দিকে ঘটনাস্থলের কাছেই একটি বেল গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া শর্টগানটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। “রাতে নিয়মিত টহল চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে অস্ত্রটি ছিনিয়ে নিয়েছিল। পরে আমরা সেটি উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম চিরুনি অভিযান পরিচালনা করছে।” – গোলাম মোক্তার আশরাফ উদ্দিন, ওসি, বন্দর থানা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতারে কোনো ছাড় দেওয়া হবে না এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।