১৫ বছরের ‘অভিশপ্ত’ বন্ধন মুক্তি: ৫ লিটার দুধে গোসল করে বিচ্ছেদ উদযাপন প্রবাসীর

0
১৫ বছরের ‘অভিশপ্ত’ বন্ধন মুক্তি: ৫ লিটার দুধে গোসল করে বিচ্ছেদ উদযাপন প্রবাসীর

বরিশাল প্রতিনিধিঃ দাম্পত্য জীবনের তিক্ততা আর কলহের অবসান ঘটিয়ে এক ব্যতিক্রমী উদযাপনের সাক্ষী হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলা। আইনি প্রক্রিয়ায় বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ৫ লিটার দুধ দিয়ে গোসল করে নিজেকে ‘অভিশপ্ত’ জীবন থেকে মুক্ত করলেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার উত্তর রহমতপুর এলাকায় এই ঘটনা ঘটে, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল।

পারিবারিক সূত্র জানায়, ২০০৯ সালে বাকেরগঞ্জ উপজেলার প্রশান্ত দাসের মেয়ে দীপা রানী দাসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পরিমলের। দীর্ঘ ১৫ বছরের এই সংসারে তাদের এক ছেলে (১৫) ও এক মেয়ে (৭) রয়েছে। তবে পরিমলের দাবি, বিয়ের শুরু থেকেই তাদের মধ্যে বনিবনা ছিল না। জীবিকার তাগিদে এক পর্যায়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলেও সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে তিনি অভিযোগ করেন।

টানা অশান্তি সইতে না পেরে গত ৬ বছর ধরে পরিমল তার স্ত্রীর কাছ থেকে আলাদা বসবাস করছিলেন। স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠক ও সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। অবশেষে গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। গতকাল সেই আইনি নথি হাতে পাওয়ার পর নিজের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও কষ্ট ধুয়ে ফেলতে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন তিনি।

দুধ দিয়ে গোসল শেষে পরিমল চন্দ্র দাস আবেগাপ্লুত হয়ে বলেন “১৫ বছরের একটি দুঃসহ এবং অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি পেলাম। আইনি কাগজ হাতে পেয়ে মনে হচ্ছে নতুন করে জন্ম নিলাম। এই আনন্দ ও পবিত্রতার প্রতীক হিসেবেই আমি ৫ লিটার দুধ দিয়ে গোসল করেছি।”

পরিমল আরও অভিযোগ করেন, আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার আগেই তার স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। তবে স্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার এই অদ্ভুত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরিমল ও দীপা রানীর বিরোধ দীর্ঘদিনের। আমাদের ইউনিয়ন পরিষদেও এ নিয়ে অভিযোগ এসেছিল। তবে দুধ দিয়ে গোসল করে বিচ্ছেদ উদযাপনের বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রথম দেখেছি।”

বিচ্ছেদ যেখানে সাধারণত বিষাদময় হয়, সেখানে পরিমলের এই ‘দুগ্ধস্নান’ এলাকায় হাস্যরস আর বিস্ময়ের খোরাক জোগাচ্ছে।