মাসুদ রানা রাব্বানী: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে গভীর রাতে গোলাগুলির ঘটনায় দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন|
সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে পদ্মা নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে| গুলিবিদ্ধদের মধ্যে একজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হলেও অপরজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি| ঘটনার পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে| গুলিবিদ্ধরা হলেন কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে স্বপন বেপারী (৪০) এবং নিচপলাসী গ্রামের শুকুর আলীর ছেলে জিয়াউল হক (৩৫)| আহত জিয়াউল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে|
তবে স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি| স্থানীয়রা জানায়, সোমবার গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত নৌকা বা ট্রলারযোগে পদ্মার চর এলাকায় আসে| এ সময় স্বপন বেপারী তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেললে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে| এতে স্বপন ও জিয়াউল গুলিবিদ্ধ হন| জিয়াউল হক মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে এলাকাবাসীর চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন| স্বপনের বাবা সিদ্দিক বেপারী জানান, রাত ১২টার দিকে দুইটি ট্রলারে করে ১৫ থেকে ১৬ জন লোক এসে তাদের বাড়ির সামনে এলোপাতাড়ি গুলি ছোড়ে|
গুলির শব্দে ঘুম ভেঙে বাইরে বের হলে হামলাকারীরা তাকে গালাগালি করতে থাকে| একপর্যায়ে তার ছেলে স্বপনকে ধরে গুলি করে ট্রলারে তুলে নিয়ে যায়| এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না| ঘটনার পর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ| ঘটনাস্থলের আশপাশে রক্তের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ|
চক রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, কালিদাসখালিতে বালুরঘাটকে কেন্দ্র করে বিভিন্ন সময় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে| তবে সোমবার রাতের ঘটনায় প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি| তিনি জানান, দুইজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজন নিখোঁজ রয়েছেন|
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, রাতে এমন একটি ঘটনা ঘটেছে| বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ|

