কবি ও নাট্যকারের বাড়িতে চুরি ক্ষুব্ধ এলাকাবাসী, থানায় যায়নি পরিবার

0
কবি ও নাট্যকারের বাড়িতে চুরি ক্ষুব্ধ এলাকাবাসী, থানায় যায়নি পরিবার

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে|

গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র| এ সময় তারা ঘরের সমস্ত আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় তিন লাখ টাকার সমপরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায়| ​স্থানীয় সূত্রে জানা গেছে, চুরির ঘটনার সময় কবি বিশ্বজিৎ ঘোষের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না| এই সুযোগে চোরেরা বাড়ির একটি জানালার পাশের দেওয়াল ও গ্রিল উপড়ে ফেলে ভেতরে ঢোকে| প্রাপ্ত ছবিগুলোতে দেখা যায়, চোর চক্র ভেতরের আলমারি, ড্রয়ার ও বাক্স ভেঙে শাড়ি, কাপড়-চোপড়, কাঁসা- বাসনসহ ঘরের সমস্ত জিনিসপত্র মেঝেতে ফেলে রেখে গেছে| আলমারিতে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করাই ছিল তাদের মূল লক্ষ্য| ভীতিকর বিষয় হলো, এর আগে গত বছরের ৫ আগস্টের পর আরও একবার এই একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল|

একের পর এক এমন চুরির ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে| তবে বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসনের প্রতি চরম অনাস্থা ও ক্ষোভ থেকে এবার থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি ভুক্তভোগী বিশ্বজিৎ ঘোষ| ​ এলাকাবাসীর অভিযোগ, শুধু এই বাড়িটিই নয়, ইদানীং আশেপাশে প্রায় প্রতিনিয়তই এমন ছোট-বড় চুরির ঘটনা ঘটছে| একের পর এক চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| স্থানীয়দের দাবি, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে চোর চক্র বেপরোয়া হয়ে উঠেছে|

এলাকাবাসি এই এলাকায় পুলিশি টহল জোরদার এবং অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন|