চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘরে ফেরার পথে এক ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেপ্তারকৃত তরিকুল ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে ভুক্তভোগী বৃদ্ধা তার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। মেয়ের দেওয়া মাছ ও তরকারির ব্যাগ হাতে নিয়ে যখন তিনি ইব্রাহিমপুর পার্কের পেছনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তরিকুল তার পথরোধ করে। তরকারির ভারী ব্যাগটি বাড়িতে পৌঁছে দেওয়ার ছলে সে বৃদ্ধার ভরসা জেতে।
পরবর্তীতে জনমানবহীন ‘মেন্দের মাঠ’ এলাকায় পৌঁছালে তরিকুল তার আসল রূপ ধারণ করে। বৃদ্ধার ব্যাগ এগিয়ে নেওয়ার অছিলায় তাকে জোরপূর্বক মাঠের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে সে।
ঘটনার পর লোকলজ্জা ও আতঙ্কের আবহ কাটিয়ে ভুক্তভোগী বৃদ্ধা নিজেই বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “মামলা দায়েরের পর পরই পুলিশ তৎপরতা শুরু করে। গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকালে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
এলাকার একজন প্রবীণ নাগরিকের ওপর এমন পাশবিক নির্যাতনে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

