রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল মতিন নামের এক ভ্যানচালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গণপিটুনিতে আহত ওই অভিযুক্তকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) পবা থানার নওহাটা এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মতিন আলী উপজেলার দুয়ারী এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পবার মদনহাটি গ্রামের ওই শিশুটি নওহাটা থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে অভিযুক্ত মতিন আলীর ভ্যানে ওঠে। পথিমধ্যে নির্জন স্থানে ভ্যানচালক শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি বারবার বাধা দেওয়া সত্ত্বেও মদনহাটি পৌঁছানো পর্যন্ত ভ্যানচালক বেশ কয়েকবার একই ধরনের আপত্তিকর আচরণ করে।
ভ্যান থেকে নেমে শিশুটি দ্রুত বাড়ি ফিরে তার বাবা ও স্বজনদের কাছে পুরো বিষয়টি খুলে বলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ভ্যানচালককে মহাসড়কের ওপর আটকে রেখে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
খবর পেয়ে পবা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুব্ধ জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে।
“ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

