নিষিদ্ধ সময়ে মাছ শিকার,টাঙ্গুয়ার হাওরে ৮ জেলেকে জরিমানা

0
নিষিদ্ধ সময়ে মাছ শিকার,টাঙ্গুয়ার হাওরে ৮ জেলেকে জরিমানা

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে ৮ জেলেকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ মাছ ধরার সরঞ্জাম জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

সোমবার (০৮ জুন ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ আলম শান্তনু। প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান। এ সময় গোলাবাড়ি ক্যাম্পের আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়,মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কয়েকজন জেলে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছিলেন। অভিযান পরিচালনা করে ৮ জন অভিযুক্তের কাছ থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) আইন-২০২৬ অনুযায়ী মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।এছাড়া অভিযানকালে আনুমানিক ৫ হাজার টাকা মূল্যের অবৈধ চাঁই জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান বলেন,মাছের নিরাপদ প্রজনন ও টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সরকার নির্ধারিত সময়ে মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।