আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণ একাই লড়তে হতে পারে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী দেশ ইসরায়েল ও ইরান নতুন করে পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্পের এই কড়া সতর্কবার্তা সামনে এলো।
আজ মঙ্গলবার (৯ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খামখেয়ালি ও আগ্রাসী কর্মকাণ্ডে ক্রমশ বিরক্ত হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি লেখেন: “শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত আলোচনা এগিয়ে যাবে, যদি না অজ্ঞতা বা বোকামি সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।”
আল-জাজিরা জানায়, ট্রাম্প শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই ক্ষোভ প্রকাশ করেননি, বরং সরাসরি নেতানিয়াহুকে ফোন করে হামলা বন্ধ করার কড়া নির্দেশ দেন।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ (Axios)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই সেই ফোনালাপের কথা উল্লেখ করে বলেন, তিনি নেতানিয়াহুকে স্পষ্টভাবে সতর্ক করেছেন। ট্রাম্পের ভাষায়, “আমি বলেছি, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম), সাবধান হও। না হলে খুব শিগগিরই তুমি একাই থেকে যাবে (যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে)।”
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল এক প্রাণঘাতী বিমান হামলা চালালে নতুন করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বৈরুত হামলার জবাবে ইরান উত্তর ইসরায়েল লক্ষ্য করে পাল্টা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ট্রাম্প সরাসরি ফোন করে নেতানিয়াহুকে ইরানের এই হামলার পাল্টা জবাব না দেওয়ার জন্য জোরালো অনুরোধ জানান। ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে সোমবার ভোরেই ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে হামলা চালানোর পর এক টেলিভিশন ভাষণে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, ইসরায়েলের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং তারা প্রয়োজন অনুযায়ী সেই অধিকারের সর্বোচ্চ প্রয়োগ করছেন।
নেতানিয়াহু দাবি করেন, “আমরা তেহরানে সন্ত্রাসীদের বিরুদ্ধে আঘাত হানার পর তারা আমাদের ওপর হামলা বন্ধ করেছে, ফলে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভবিষ্যতে ইরান যদি আবার হামলা চালায়, তাহলে ইসরায়েল সর্বশক্তি দিয়ে তার জবাব দেবে।”
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
এর জবাবে ইরানও পাল্টা আঘাত হানে। তারা ইসরায়েলের হাইফা বন্দরে অবস্থিত একটি অনুরূপ শিল্প স্থাপনা এবং ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অধিকৃত পশ্চিম তীরের আকাশে উভয় পক্ষের নিক্ষেপ করা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়।
এই নতুন সংঘাত মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প প্রশাসনের চলমান প্রচেষ্টাকে চরমভাবে জটিল করে তুলেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। ওই চুক্তির ফলে পূর্ণমাত্রার যুদ্ধ বন্ধ হলেও পুরো উপসাগরীয় অঞ্চলে মাঝেমধ্যে উত্তেজনা ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা লেগেই রয়েছে, যা যেকোনো সময় আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করছে।

