ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে মাদকবিরোধী অভিযানে কোডিনযুক্ত ৪০ বোতল নিষিদ্ধ এসকাফ (ESkuf) সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারী হলেন মোছা. চায়না বেগম (৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর (ভাটাপাড়া) এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় এবং ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় চিত্রা এক্সপ্রেসের ‘চ’ বগিতে সন্দেহজনক আচরণের কারণে চায়না বেগমকে আটক করা হয়। পরে নারী পুলিশের উপস্থিতিতে তার সঙ্গে থাকা নেভি ব্লু ও সাদা চেক রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল কোডিনযুক্ত এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

