জয়নাল আবেদীন: রংপুরে আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে চার যুবক যুবতিকে আটক এবং আরেক অভিযানে ভাঙ্গারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর জাহাজ কোম্পানি সংলগ্ন সিটি ভিউ হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডের সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে সম্পর্ক জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে মেট্রো পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আরো জানান রংপুরে বিদ্যুৎ বিভাগের চুরি যাওয়া তারসহ ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নগরীতে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ বিভাগের তার, সরকারি হাসপাতাল, মসজিদ, বাসাবাড়ির এসির তারসহ বিদ্যুতের তার চুরি হচ্ছিল। এ নিয়ে গোয়েন্দা বিভাগ তৎপরতা বাড়ালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নগরীর সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে পাটবাড়ি এলাকার হেলাল মিয়ার ছেলে উকিল মিয়াকে আটক করা হয়। এ সময় ট্রাকে ভাঙ্গারি মালের ভেতরে লুকিয়ে রাখা ১৬ মণ তামার তার উদ্ধার করা হয়।সনাতন চক্রবর্তী আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামার তার ও পাইপগুলো ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছ থেকে উকিল মিয়া কিনে সাতমাথায় তার আস্তানায় রাখেন।
এরপর তিনি ঢাকার বাবু বাজারে পাঠিয়ে দেন। পুলিশ ট্রাকসহ চোরাই তামার তার উদ্ধার করেছে। তামার তার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতার অভিযান চলছে।

