সাপাহারে জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

0
সাপাহারে জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

সাপাহার প্রতিবেদক: নওগাঁর সাপাহার উপজেলার আলীনগর গ্রামের এক ব্যক্তি জমি নিয়ে বিরোধে ফসল নষ্ট, প্রাণনাশের হুমকি ও মারধর চেষ্টার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগকারী মো. গিয়াস উদ্দীন জানান, তিনি ক্রয় ও ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমির মালিক ও ভোগদখলকারী। তবে অভিযুক্ত উপজেলা আলীনগর গ্রামের মৃত: শের মোহাম্মদ এর ছেলে আব্দুল মান্নান (৬০) বিভিন্ন সময় ওই জমির মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং জমির ফসলের ক্ষতিসাধন করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ৪ আগস্ট ২০২৬ সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ঘটনাস্থলে গিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেন এবং জমিতে লাগানো ৬০ টি আমগাছ কেটে ফেলে। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারীকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং লাঠি ও লোহার রড নিয়ে মারধরের চেষ্টা করা হয়। এ ঘটনায় প্রায় ১ লাখ ১০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। তাই তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাপাহার থানায় লিখিত আবেদন করেছেন।