
সিলেট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক পশতু তুল্য নির্মম ও ন্যক্কারজনক সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। নিজের স্বামীর ঘনিষ্ঠ বন্ধুদের বিশ্বাস করে ডেকে আনার পর, তাকে জিম্মি করে ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ৯ নম্বর ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের একটি তৎপর টিম দ্রুত অভিযানে নেমে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে নগর ডেংরি গ্রামের এ ঘটনা । নগর ডেংরি গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক। দুজনেই ভুক্তভোগীর স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। ভুক্তভোগীকে আশঙ্কাজনক ও মানসিক বিপর্যস্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন করা হয়েছে।
ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে চারজনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবারের মাধ্যমে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল সেন্টার দ্রুত গোয়াইনঘাট থানায় বার্তা পাঠায়। বার্তা পেয়েই গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নগর ডেংরি গ্রামে তাৎক্ষণিক অভিযান চালায়। সেখান থেকে অভিযুক্ত দুই যুবক—নেহাল ও মাসুককে গ্রেপ্তার করা হয় এবং জিম্মিদশা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জাতীয় জরুরি সেবার সুবাদে দ্রুত খবর পাওয়ায় আমরা দ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার ও প্রধান দুই অভিযুক্তকে আটক করতে পেরেছি। এ বিষয়ে চারজনকে আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে। পলাতক বাকি দুই আসামিকে গ্রেপ্তারে এলাকায় একাধিক স্থানে অভিযান অব্যাহত রাখা হয়েছে।”
