নওগাঁয় খাবার কিনতে গিয়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

0
নওগাঁয় খাবার কিনতে গিয়ে ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার

রাণীনগর প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে স্কুল টিফিনের খাবার কিনতে গিয়ে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পারইল বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে ৭০ বছর বয়সী মুদি দোকানদার মোজাম্মেল হক মজাকে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছেন।

আটক মোজাম্মেল হক পারইল হাটখোলাপাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে।

সকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে বিরতির সময় শিশুটি স্কুলের পাশের দোকানে খাবার কিনতে যায়। এ সময় বৃদ্ধ মোজাম্মেল কৌশলে তাকে দোকানের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

শিশুটির তীব্র চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে নিরাপদে উদ্ধার করেন। উপস্থিত জনতা অভিযুক্ত মোজাম্মেল হককে ঘটনাস্থলেই আটকে রাখেন। পরে খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

রাণীনগর থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, অভিযুক্ত বৃদ্ধকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।