ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে অস্ত্র, মাদক ও ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ৬২৯

0
ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: রাজধানীতে অস্ত্র, মাদক ও ছিনতাইকৃত মালামালসহ গ্রেপ্তার ৬২৯

বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত চিরুনি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে নগরীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত রাজধানীর ৫০টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আসামি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। বিভাগভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ২০৩ জন, তেজগাঁও বিভাগ ৯৫ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, লালবাগ বিভাগ ৪২ জন, রমনা বিভাগ ৪০ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ১২ জন

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং ছিনতাই হওয়া মালামাল ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি এয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ। ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড ও ১টি চাপাতি। ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন ও ১ বোতল বিদেশি অ্যালকোহল। ১টি সিএনজি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৫৫টি মোবাইল ফোন, নগদ ১৮ হাজার ২২০ টাকা, ৭টি ফয়েল পেপার এবং ৩টি গ্যাস লাইট।

ডিএমপি সূত্রে জানানো হয়, রাজধানীজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতা বন্ধ করতে এই বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন এবং দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে ডিএমপির এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।