মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর পৃথক দুই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর ভুগরইল মধ্যপাড়া এলাকা থেকে ইমন আলী (২৬) নামের এক যুবককে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ হোসেন আলীর ছেলে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অভিযোগে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, একই দিন বিকালে সোয়া ৩টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। মেহেরচন্ডি মোড় এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মোঃ রুবেল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মেহেরচন্ডি কড়াইতলা এলাকার মোঃ কেতাবুল ইসলামের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতে বুবেল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।#

