চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ নিয়মিত মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ৩০ মিনিটে সদর মডেল থানার এসআই মো. জাহিদ হাসান ও এসআই মো. শাকিল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বৈলতলা মোড় এলাকায় অভিযান চালান।
এ সময় তিনজন সন্দেহভাজনের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে পলাতক দুই আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে একটি ডিসকভার ১২৫ সিসি এবং অপরটি হিরো এইচএফ ডিলাক্স ১০০ সিসি। উদ্ধার হওয়া তিনটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

