গৌরীপুর প্রতিনিধিঃ নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাকির হোসেন মৃদুল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত কেন্দ্রের সামনে চেকপোস্ট বসায়। রাত ১২টা ১৫ মিনিটের দিকে কলমাকান্দা থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স (ঢাকা মেট্রো-ব-১২-০৪৮২) নামে যাত্রীবাহী বাসটি সেখানে পৌঁছালে পুলিশ বাসটিতে তল্লাশি চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল বহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন মৃদুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন মৃদুল নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা ফেনসিডিলসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা থেকে ভারতীয় বিভিন্ন পণ্য—চিনি, কম্বল, মসলা, কসমেটিকস, শাড়ি, প্রসাধনসামগ্রীসহ মাদকদ্রব্য—পূর্বধলা ও শ্যামগঞ্জ হয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার হয়ে আসছে। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে এসব পণ্য ও মাদকদ্রব্য আটক করলেও অনেক চালান আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

