চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জুয়েল রানাকে (৩৪) রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সদর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের মধ্যে ২ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার জিআর নং-৫১২/২৩ হেরোইন মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

