জয়নাল আবেদীন্: রংপুরের মুন্সিপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন খাঁ পাড়া এলাকার আব্দুর সামাদের ছেলে মোঃ পলাশকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ । বুধবার দুপুরে রংপুর মহানগরীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
জানা যায়, অভিযুক্ত পলাশ ঐ গৃহবধূর প্রতিবেশী হওয়ায় প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। এই বিষয়ে ঐ গৃহবধূ একাধিকবার তাকে সাবধান করা সত্বেও গত ৩ সেপ্টেম্বর ভুক্তভোগী ঐ গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাত সোয়া ১২ টার দিকে তার শয়ন কক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় গৃহবধুর স্বামী বাদী হয়ে মহানগরীর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এর প্রেক্ষিতে আসামি গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি গোয়েন্দা নজরজারি বৃদ্ধি করে ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, মহানগরীর কোতয়ালী থানাধীন মেডিকেল পাড়া বুড়িরহাট মোড় এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মোঃ পলাশকে গ্রেফতার করেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।

